প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দুই ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৭ জনের মামলায় রায় ঘোষণার তারিখ আগামী ২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এই তারিখ ধার্য করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ এই মামলার যুক্তি তর্কের দিন ধার্য ছিল। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। অন্যান্য আসামিরা পলাতক থাকায় সেই সুযোগও পাননি। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী ২ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেন।
এখন পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
এদিকে একই আদালতে শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ১৮ জনের আরেক মামলায় যুক্তি উপস্থাপনের জন্য আগামী ১৮ জানুয়ারি ধার্য করেছেন।
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিদের বিরুদ্ধে পৃথক ৬ মামলা করে দুদক। এর মধ্যে শেখ হাসিনা পরিবারের তিন মামলার বিচার শেষে সাজার রায় এসেছে। শেখ রেহানা ও টিউলিপেরও একটি মামলার রায়ে সাজা হয়েছে।
কমেন্ট বক্স