জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার নির্দেশনা নেই: ইসি
জাতীয় পার্টির নিবন্ধন বাতিল ও নির্বাচনের বাইরে রাখার বিষয়ে কোনো নির্দেশনা নির্বাচন কমিশনের (ইসি) প্রতি নেই। তাই যারা নিবন্ধিত দল তারা নির্বাচন করবে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের একথা বলেন।
জাতীয় পার্টির ভোটের বাইরে রাখার জন্য ইতোমধ্যে গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, জুলাই ঐক্য পরিষদ থেকে বারবার দাবি জানানো হচ্ছে নির্বাচন কমিশনে।
এ বিষয়ে ইসির অবস্থান জানতে চাইলে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা কোনো পার্টিকে নিষিদ্ধের বিষয়ে, যারা নিষিদ্ধ করবেন (সরকার) বা তাদের কার্যক্রম বন্ধ করবেন, এরকম কোনো আদেশ পাইনি। সুতরাং আমরা মনে করি যারা নিবন্ধিত দল আছে, যারা নমিনেশন পেয়েছেন তারা নির্বাচন করবেন।
তিনি বলেন, দাবি উঠতে পারে। এটা রাখা না রাখার আইনগত সুযোগ থাকতে হবে।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করায় নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে। এমনকি নিবন্ধিত দলের প্রতীকের তালিকা থেকেও নৌকা প্রতীকটি বাদ রেখেছে। আওয়ামী লীগের সহযোগী হিসেবে দলটি ফ্যাসিবাদ কায়েম করার পেছনে ভূমিকা থাকায় জাপার নিবন্ধন বাতিল ও ভোটের বাইরে রাখার দাবি তুলেছে এনসিপি, জুলাই ঐক্য পরিষদ।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।
এতে জাতীয় পার্টির ১৯২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
গত ১৩ জানুয়ারি জাতীয় পার্টির নিবন্ধন বাতিলে ইসিতে স্মারকলিপি দেওয়ার পর মঙ্গলবারও তারা নির্বাচন ভবনের পাশে একই দাবিতে অবস্থান নেয়। গত ২৫ জানুয়ারি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাতের পর বলেন, বিগত দিনে ফ্যাসিবাদী চর ও ভারতীয় দোসর যাদের কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদী হওয়ার ক্ষেত্রে সহযোগিতা পেয়েছে, তাদের নিবন্ধন বাতিলে ও নির্বাচন থেকে বিরত রাখার জন্য আমরা স্মারকলিপি দিয়েছি।
গত ৬ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর এনসিপির এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি বিগত ফ্যাবিবাদের সহযোগী ছিল। আমরা চাই না তারা নির্বাচনে থাকুক, কমিশনকে এই কথা বলেছি।
আমরা আগেও বলেছি তাদের নির্বাচনের মাধ্যমে পুনর্বাসন চাই না। কমিশন বলেছে তারা আইনের মধ্য থেকে বিধিবদ্ধভাবে ব্যবস্থা নেবে।
কমেন্ট বক্স