সেই হংকংকে হারিয়ে সুচনা এশিয়া কাপে

আপলোড সময় : ১২-০৯-২০২৫ , আপডেট সময় : ১২-০৯-২০২৫
জয় দিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। বোলারদের পর অধিনায়ক লিটন দাসের হাফ-সেঞ্চুরিতে ওই জয় প্রাপ্তি সহজ করে দিয়েছে। 

‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে হংকংকে। টি-টোয়েন্টিতে দ্বিতীয় দেখায় হংকংয়ের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল টাইগাররা। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম দেখায় হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

আবু ধাবিতে ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। হংকং ওপেনার অংশুমান রাথকে ৪ রানে শিকার করেন তিনি।

শুরুর ধাক্কা কাটিয়ে উঠে দ্বিতীয় উইকেটে ২৩ রান যোগ করেন আরেক ওপেনার জিশান আলি ও বাবর হায়াত। এই জুটি বড় হওয়ার আগে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম হাসান সাকিব। বাবরকে ১৪ রানে বোল্ড করেন তানজিম।

৩০ রানে ২ উইকেট পতনের পর বড় জুটি গড়ার চেষ্টা করেন জিশান ও নিজাকাত খান। বলের সাথে পাল্লা দিয়ে ৪১ বলে ৪১ রান যোগ করেন তারা। উইকেটে সেট হয়ে ৩৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩০ রান করে মুস্তাফিজের দারুণ ক্যাচে তানজিমের দ্বিতীয় শিকার হন জিশান।

১২তম ওভারে দলীয় ৭১ রানে জিশান ফেরার পর বাংলাদেশি বোলারদের উপর চড়াও হন নিজাকাত ও অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। ১৫তম ওভারেই ১শ’ পেয়ে যায় হংকং। নিজাকাত ও মুর্তাজা জুটিতে ১৭ ওভার শেষে হংকংয়ের রান ১১৭-এ পৌঁছে যায়।

১৮তম ওভারের প্রথম বলে রান আউট হন মুর্তাজা। ২টি করে চার-ছক্কায় ১৯ বলে ২৮ রান করেন তিনি। নিজাকাতের সাথে ৩৪ বলে ৪৬ রান যোগ করেন মুর্তাজা।

ইনিংসে শেষ দুই ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮ রান তুলতে পারে হংকং। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় তারা। ২টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত।

বল হাতে বাংলাদেশের তাসকিন, তানজিম ও রিশাদ ২টি করে উইকেট নেন।

জবাবে ৪৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ১৯ ও তানজিদ হাসান ১৪ রানে আউট হন। 

এরপর তৃতীয় উইকেটে ৭০ বলে ৯৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান অধিনায়ক লিটন ও তাওহিদ হৃদয়। জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন ৩৩ বলে হাফ-সেঞ্চুরি করা লিটন।

৬টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৫৯ রান করেন তিনি। 

চতুর্থ উইকেটে জাকের আলির সাথে বাকী ২ রান তুলে ১৪ বল হাতে থাকতে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন হৃদয়। ১ চারে ৩৬ বলে অপরাজিত ৩৫ রান করেন তিনি। হংকংয়ের পেসার আতিক ইকবাল ১৪ রানে ২ উইকেট নেন। 

আগামী ১৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :