আফগানিস্তানের আমন্ত্রনে মামুনুল হকের নেতৃত্বে একটি দল আফগানিস্তান সফর করছে

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ , আপডেট সময় : ১৮-০৯-২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষস্থানীয় সাতজন আলেম আফগানিস্তান সফরে গেছেন। দেশটির সরকারের আমন্ত্রণে বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে আলেমদের এই প্রতিনিধিদল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এই দলে মাওলানা মামুনুল হক ছাড়াও আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।



সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে বাংলাদেশের আলেমদের প্রতিনিধিদল তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ ওলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন।

সফরে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্কোন্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রতিনিধিদলের আলোচনায় অগ্রাধিকার পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন বাংলাদেশের আলেমরা।

এর আগে ১৪ সেপ্টেম্বর মামুনুল হকসহ বাংলাদেশের আলেমদের এই প্রতিনিধিদল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। ওমরাহ পালন শেষে গতকাল বুধবার সকালে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছান। এই সফরে আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার আরও দেশে মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে বলে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :