ক্যারিবীয়দের ৯ উইকেটে উড়িয়ে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড

আপলোড সময় : ১২-১২-২০২৫ , আপডেট সময় : ১২-১২-২০২৫
ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে রোমাঞ্চকর দ্বৈরথ তৈরি করেছিল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের দেওয়া ৫৩১ রানের লক্ষ্য তাড়ায় ক্যারিবীয়রা ৪৫৭ রান তুলতেই পঞ্চম দিনের শেষ এবং ম্যাচ ড্র হয়ে যায়। তবে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট হলো একপেশে। চোটে জর্জরিত পেস বিভাগ নিয়েই স্বাগতিকরা ম্যাচের দখল নিয়েছে। জ্যাকব ডাফির ৫ উইকেট শিকারের সুবাদে ৯ উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড।স্বাগতিক পেসারদের দাপটে মাত্র তিন দিনেই শেষ হয়েছে ওয়েলিংটন টেস্ট। ২ উইকেটে ৩২ রান নিয়ে আজ (শুক্রবার) তৃতীয় দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তখনও তারা ৪১ রানে পিছিয়ে। প্রথম টেস্টে ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখানো দলটি আজ ৩৬.২ ওভারে ৯৬ রান তুলতে বাকি ৮ উইকেট হারায়। প্রথম ইনিংসে টম ল্যাথামের দল ৭৫ রানের লিড নিয়েছিল। ফলে উইন্ডিজরা দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৮ রানে গুটিয়ে যাওয়ায় কিউইদের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৫৪ রানের। এক উইকেট হারিয়ে সেই গন্তব্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

দ্রুতগতিতে রান তুলে ডেভন কনওয়ে ২৮ এবং কেইন উইলিয়ামসন ১৬ রানে অপরাজিত ছিলেন। এর আগে ৯ রানে আউট হন কিউই অধিনায়ক টম ল্যাথাম। ক্যারিবীয়দের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২০৫ রানে অলআউট হয়েছিল। ৪ উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়া ব্লেয়ার টিকনার ওই ইনিংসও পুরো শেষ করতে পারেননি। বাউন্ডারি বাঁচাতে গিয়ে তিনি কাঁধের ইনজুরিতে পড়েন। ফলে একজন কম নিয়েই ওই ইনিংসে ব্যাটিং এবং বোলিং আক্রমণ সাজাতে হয় কিউইদের।

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :