হাদি হত্যার অভিযোগে আটক ৩ জনের ‘কনস্যুলার অ্যাক্সেস’ এখনও মেলেনি

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ , আপডেট সময় : ১৬-০৩-২০২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় আটক তিন জনের কনস্যুলার অ্যাক্সেস চেয়েছিল কলকাতার উপ-হাইকমিশন। তবে, ভারত সরকার থেকে সেই অ্যাক্সেস এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, অ্যাক্সেস পাওয়ার পর তদন্ত করে আরও বিস্তারিত জানা যাবে। অ্যাক্সেসের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
 
শামা ওবায়েদ বলেন, “ভারতের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যাদের ধরা হয়েছে তাদের কনস্যুলার অ্যাক্সেস পেতে এবং ফেরত আনতে সরকার সর্বপ্রকার চেষ্টা চালাচ্ছে। আমাদের হোম মিনিস্ট্রি তাদের কাজ করছে। প্রথম দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তাদের কনস্যুলার অ্যাক্সেস আমরা চেয়েছিলাম আগে। এখন থার্ড যাকে অ্যারেস্ট করা হয়েছে, তারও কনস্যুলার অ্যাক্সেস আমরা চেয়েছি। অ্যাক্সেস পাওয়ার পরে আমরা ইনভেস্টিগেশন করে বিস্তারিত বলতে পারবো। কিন্তু, আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা চলছে। আশা করছি ভারত সম্পূর্ণরূপে সহযোগিতা করবে।”
 
 
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচসহ নয়টি মানবাধিকার সংগঠন এক চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার দাবি জানিয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এখনও তিনি প্রতিবেদনটি পড়ে দেখেননি।
 
প্রতিমন্ত্রী বলেন, “গত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি জায়গা আমরা দেখে এসেছি। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বারবার। যে র‌্যাবকে মানুষের সুরক্ষা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছিল, সেই র‌্যাবকে গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। মানবাধিকার লঙ্ঘন করতে ব্যবহার করেছে।”

সম্পাদকীয় :

Editor: Mostafizur Rahman (মোস্তাফিজুর রহমান).

Published by: Bangla Biggapon USA Inc. 4315. 12  AVE # D-4 Brooklyn NY- 11219.

Email: dailyjugandhar@gmail.com. Call: 929-462-3348. Tell: +17188533605

অফিস :